২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটচাষি সমাবেশে যোগ দিতে পীরগঞ্জে জয়

নির্বাচিত পাটচাষিদের নিয়ে সমাবেশেসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে রংপুরের পীরগঞ্জে পৌঁছেছেন সজীব ওয়াজেদ জয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 12:05 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

শনিবার সকাল সোয়া ৬টায় গণভবন থেকে রওনা হয়ে বেলা ১২টার দিকে তিনি পীরগঞ্জে পৌঁছেছেন বলে জানিয়েছেন জয়ের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াজুল বাশার।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয় রংপুরের পীরগঞ্জে নির্বাচিত পাটচাষিদের নিয়ে সমাবেশ করবেন।

এছাড়া ৫০টি গ্রামের প্রায় ৩ হাজার নতুন বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন তিনি। এর বাইরে বেশ কয়েকটি স্কুলে ওয়াই-ফাই সংযোগ এবং কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্বোধন করার কথা রয়েছে তার।

সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা।

সফরে তার সঙ্গে রয়েছেন, পীরগঞ্জের সাংসদ ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডাক ‍ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ব্স্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ। 

জুনে দেশে ফেরার পর এটিই তার প্রথম ঢাকার বাইরে সফর। শনিবারই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন আশরাফুল আলম খোকন।