চাপা দিয়ে বাস খাদে, নিহত ১১
বরিশালের উজিরপুর উপজেলায় পথচারীদের চাপা দিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ইছলাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের বাসটি ইছলাদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইফতারের দোকান ভেঙে তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি অটোরিকশা ও পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
বরিশালের পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো ছয় জন।
নিহতরা সবাই ওই এলাকার বাসিন্দা।
এরা হলেন- নীল শরীফ, জুয়েল বিশ্বাস, মামুন আকন, ইউনুস হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, মোজাম্মেল হোসেন, মতিউর রহমান, সেলিম মীর, সোহাগ ফকির, হারুন অর রশিদ ও মুন্নী বেগম।
আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় অংশ নেয়া হাকিম হাওলাদার নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর সেখানে কয়েকশ’ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সরে গেলে রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে ১০ থেকে ২০ হাজার টাকা করে সাহায্য দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
