‘বন্দুকযুদ্ধে’ নিহত জাকির সার্জেন্ট আহাদ হত্যার আসামি
রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে। পুলিশ বলেছে, নিহত জাকির ওরফে কাঙালি জাকির সার্জেন্ট আহাদ হত্যা মামলার প্রধান আসামি।
শুক্রবার ভোরে খিলগাঁও খিদমাহ হাসপাতালে কাছে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের স্ত্রী নিপা আক্তার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে জাকিরের (৩৬) লাশ সনাক্ত করেন।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মুনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘কুখ্যাত সন্ত্রাসী’ জাকিরকে মাতুয়াইলের মানুষ চেনে ‘কাঙালি জাকির’ নামে। সে সার্জেন্ট আহাদ পারভেজ হত্যামামলার প্রধান আসামি।
জাকিরের বিরুদ্ধে তিনটি হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে জানান মুনিরুল।
২০০০ সালের ২৮ অক্টোবর বঙ্গভবনের পাশের পার্কের সামনের রাস্তায় জাকিরের নেতৃত্বে একটি ছিনতাইয়ের পর সার্জেন্ট আহাদ পারভেজ ছিনতাইকারীদের ধাওয়া করেন। এসময় ছিনতাইকারিরা তাকে ছুরি মেরে হত্যা করে পালিয়ে যায়। আহাদ ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচীর স্বামী।
পুলিশ ২০১০ সালের ডিসেম্বরে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করলেও দুই বছর পর জামিনে বেরিয়ে যান তিনি।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোরে খিলগাঁও খিদমাহ হাসপাতালে কাছে ছিনতাইয়ের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন ছিনতাইকারী পাশের একটি মাঠ থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
“পুলিশ পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে বলেও জাহাঙ্গীর জানান।
বিকাল পর্যন্ত নিহতের লাশ পড়ে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরে জাকিরের স্ত্রী গিয়ে বিকালে লাশ সনাক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল সকালে জাকির মাতুয়াইলে আমাদের বাসা থেকে বের হয়। পরে একজন টেলিফোনে আমাকে জানায়, তাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে।
“জাকির রাতেও না ফেরায় আজ সকালে আমি আদালতে যাই। মনে করেছিলাম, আদালতে তুললে তখন দেখা হবে। সেখানেই একজন আমাকে মর্গে খোঁজ নিতে বললো।”
নিপা বলেন, অনেকগুলো মামলা থাকায় তার স্বামী বাসা থেকে খুব একটা বের হতেন না। তাদের এক ছেল ও এক মেয়ে রয়েছে।
