২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর লাশ রেখে স্বামীর পলায়ন

মাদারীপুর সদর হাসপাতালে এক গৃহবধূর লাশ ফেলে তার স্বামী পালিয়ে গেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 02:58 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

নিহত শিপন বেগম (৩২) শরিয়তপুর সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী।

হাসপাতালের চিকিৎসক আলতাফ হোসেন বলেন, “শুক্রবার সকাল ৯টার দিকে বেলায়েতসহ কয়েকজন হাসপাতালে শিপনকে নিয়ে আসে। বেলায়েত জানায় তার স্ত্রী বিষ খেয়েছে। পরীক্ষার পর ওই গৃহবধূকে মৃত ঘোষণা করা হয়। এসময় বেলায়েত লাশ চাইলে আমরা ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়ার কথা বলি।”

“এই কথা শুনে বেলায়েত আমাদের বলে, আপনারা ময়নাতদন্তের ব্যবস্থা নেন, আমরা আসছি। এর পর থেকে আর কেউ ফেরত আসেনি।”

পরে হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়।

মাদারীপুর সদর থানার ওসি মোফাজ্জল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বেলায়েতের বিষয়ে খোঁজ নেয়া হবে। নিহতের বাবার বাড়িতেও খবর দেয়া হবে বলে তিনি জানান।