রাজবাড়ীতে বাসচাপায় পুলিশ নিহত
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পাড়ে এক পুলিশ মৃত্যু হয়েছে।
নিহত সাগর আহমেদ (৩০) পাংশা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাপ গ্রামে।
পাংশা থানার ডিউটি অফিসার ননী গোপাল জানান, শুক্রবার সকালে রাজবাড়ি-কুষ্টিয়া সড়কের নাচনাশিউর এলাকায় এঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্ব পালন করতে পাংশা থানা থেকে মোটরসাইকেল নিয়ে মাঝপাড়া এলাকার উদ্দেশে বের হন সাগর।
“নানশিউর এলাকায় পৌঁছলে রাজমনি ক্লাসিক পরিবহনের একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।”
পুলিশ বাসটিকে আটক করলেও চালককে ধরতে পারেনি বলে জানান তিনি।
ঘটনার পরপরই রাজবাড়ীর পুলিশ সুপার রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
