২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকের কানে মোবাইল, গেল ৩ প্রাণ

নগরীর সল্টগোলায় লরির সঙ্গে সংঘর্ষের সময় টেম্পোচালক মোবাইলে কথা বলছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 01:09 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার সকালে এ সংঘর্ষে তিন জন নিহত হয়। আহত হয় আরো তিন জন।

নিহতরা হলেন কফিল উদ্দিন (২৭), ফরিদা আক্তার (২৫) ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৬। হতাহতরা সবাই টেম্পোর যাত্রী ছিলেন। 

টেম্পো যাত্রীদের বরাত দিয়ে বন্দর থানার এসআই মো. আবু মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টেম্পোটি ইপিজেডের দিকে যাচ্ছিল। এসময় চালক মোবাইলে কথা বলতে বলতে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন।”

তিনি জানান, সল্টগোলা ক্রসিংয়ে টেম্পোচালক নিয়ন্ত্রণ হারিয়ে বন্দরে প্রবেশমুখী একটি লরির পেছনের দিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, গুরুতর আহতাবস্থায় পাঁচ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া রফিক নামে এক যুবক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং সুমি আক্তার (২২) নামে একজন হাসপাতালে ভর্তি আছে বলে জানান নায়েক জাহাঙ্গীর।

এসআই মুসা জানান, নিহত কফিল উদ্দিন চট্টগ্রাম ইপিজেডের আরএসডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদাও ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কর্মরত জানালেও তার প্রতিষ্ঠানের নাম জানাতে পারেনি পুলিশ।

এসআই মুসা বলেন, “লুঙ্গি পরা নিহত অজ্ঞাত যুবকটি টেম্পোচালক বলে আমরা ধারণা করছি।” 

দুর্ঘটনা কবলিত টেম্পোটি থানায় নিয়ে যাওয়া হলেও লরিটি বন্দরের ভেতরে চলে যাওয়ায় সেটিকে শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

পুরনো খবর:

চট্টগ্রামে লরি-টেম্পো সংঘর্ষে ৩ জন নিহত