বিশিষ্টজনদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ইফতার করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে এই ইফতারের আয়োজন করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।
মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চ আদালতের বিচারক, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
ইফতারের আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ টেবিলে টেবিলে গিয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এসময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। পরে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত হয়।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নৌমন্ত্রী শাহজাহান খান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দিন আহমেদ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ,সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী,চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, বৈশাখী টিভির মঞ্জুরুল আহসান বুলবুল ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার রফিক উল হক, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কবি সৈয়দ শামসুল হক, কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদও বঙ্গবভনে এই ইফতারে ছিলেন।
এছাড়া উচ্চপদস্থ সামরিক ও বেসরমারিক কর্মকর্তারাও ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
