শিক্ষক-কর্মকর্তা দ্বন্দ্ব, চুয়েট উপাচার্যের কার্যালয় ঘেরাও
বাসে বসা নিয়ে শিক্ষকদের ‘দুর্ব্যবহারের’ প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার অ্যাকাডেমিক কমিটির সভা চলার সময় সকাল ১০টার দিকে উপাচার্য মোহাম্মদ জাহাঙগীরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ২টায় ক্যাম্পাস থেকে শহরগামী বাস ছাড়ার সময় আসনে বসা নিয়ে শিক্ষকদের সঙ্গে কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়।
এসময় কয়েকজন শিক্ষক আসনে বসতে না পেরে গাড়ি ছাড়তে বাধা দেন। এক পর্যায়ে যন্ত্র প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন বাসের চাবি নিয়ে নেন।
এর প্রতিবাদ জানালে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আমিন মো. মুসার সঙ্গে শিক্ষকদের কথা কাটাকাটি হয়। এসময় নগর পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুল হাসান কর্মকর্তাদের নেতা মুসার ‘গলা কেটে’ ফেলার হুমকি দেন বলে অভিযোগ কর্মকর্তাদের।
এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষোভের কারণে বেলা ১টা পর্যন্ত নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকেন উপাচার্য। পরে ২টার দিকে বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনায় বসেন তিনি।
কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আমিন মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য আগামী রোববার এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।”
তবে তদন্ত কমিটি করার কথা অস্বীকার করে উপাচার্য মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “বুধবার একজন শিক্ষকের সঙ্গে ও কর্মকর্তার মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে। তাই উভয়পক্ষ আজ আমার সঙ্গে বসেছে। দুই পক্ষকে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধান করে নিতে বলেছি।”
