২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ প্রতিনিধিকে গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে ‘বিকাশের’ এক প্রতিনিধিকে গুলি করে  ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 07:44 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বৃহস্পতিবার দুপুরে শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনায় গুলিবিদ্ধ আরিফ হোসেন আবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, আরিফের ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও আঘাত পেয়েছেন তিনি।

বিকাশের এজেন্ট জামাল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক পারভেজ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে আরিফ ও তার সহকর্মী আকতার মাহমুদ সিদ্ধিরগঞ্জ এলাকায় বিকাশের টাকা সংগ্রহের পর মোটর সাইকেলে করে অফিসে ফিরছিলেন। পথে সাত জন অস্ত্রধারী তিনটি মোটর সাইকেলে করে এসে তাদের গতিরোধ করে। তারা মোটর সাইকেলের পেছনের সিটে বসা আরিফকে গুলি করে এবং মাথায় আঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ আরিফকে দ্রুত শিমরাইলের সাজেদা হাসপাতালে নেয়া হয় এবং পরে ঢাকায় পাঠানো হয়।

ব্যাগে প্রায় ২৪ লাখ টাকা ছিল বলে জানান বিকাশ এজেন্ট রেজা।