ফেনীর একরাম হত্যা: আরো একজন গ্রেপ্তার
ফেনীর আওয়ামী লীগ নেতা ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নুর উদ্দিন মিয়া (৩২) ফেনী শহরের বিরিঞ্চি এলাকার বড় বাড়ির আবদুল আজিজের ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।
ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রাশেদ চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুরে বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে একরাম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই হত্যামামলায় আগে গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে নুর উদ্দিনকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্য দিবালোকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
