গাইবান্ধায় নদী ভাঙনে শতাধিক ঘর বিলীন
গাইবান্ধার সাঘাটা এবং ফুলছড়ি উপজেলায় নদী ভাঙনে শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।
উজান থেকে নেমে আসা ঢলে যমুনায় পানি বেড়ে যাওয়ায় এ ভাঙন হচ্ছে। এতে গত এক সপ্তাহে হলদিয়া ইউনিয়নে উত্তর দিঘলকান্দি ও পাতিলাবাড়ি এবং ফুলছড়ির বধ্যভূমি, কাঁইয়ারহাট, বালাসি, সিংড়িয়া, রতনপুর এবং কাতলামারি এলাকায় শতাধিক বাড়িঘর নদীগর্ভে হারিয়ে গেছে।
ফুলছড়ির উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, উড়িয়া ইউনিয়নে ৩টি পয়েন্টে ব্যাপক ভাঙনে গত এক সপ্তাহে ৫০টির বেশি পরিবার গৃহহারা হয়েছে।
ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, গত এক সপ্তাহে ফজলুপুর ইউনিয়নের ৩০টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে।
ভাঙন এলাকা ঘুরে দেখা যায়, সিংড়িয়া বাজার এলাকা থেকে কাতলামারি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙনের কারণে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। নদী থেকে বাঁধের দূরত্ব ২০ থেকে ২৫ মিটারের মধ্যে চলে এসেছে।
ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেলে বাঁধটি নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে এবং গাইবান্ধাসহ পাশের জেলা বগুড়ার কয়েক হাজার হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল মিয়া জানান, পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ওই এলাকায় বালি-ভর্তি জিও ব্যাগ ফেলে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করার চেষ্টা করছে।
