কক্সবাজার সৈকতে ঝিনুক ব্যবসায়ীর লাশ
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এক ঝিনুক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ ফারুক (২৭) কক্সবাজার শহরের ঘোনারপাড়ার আলী হোসেনের ছেলে।
কক্সবাজার সদর থানার এসআই তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।”
নিহতের বাবা আলী হোসেনকে উদ্ধৃত করে এসআই তাজুল বলেন, বুধবার রাত ৮টার দিকে কারো মোবাইল ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ফারুক।
হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
তারা হলেন- কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে নূর আলম (৩৫), নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ টিটু (২২) ও টেকনাফের গোদার বিল এলাকার মৃত আমির হোসেনের ছেলে মোহাম্মদ সোহেল (৩৩)।
এদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা তাজুল।
