সিরাজগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বয়স আনুমানিক ৬০ বছর। পরনের পাঞ্জাবি দিয়ে হাত বেঁধে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান ওসি।
তিনি জানান, সকালে ঠাকুরট্যাক এলাকায় সিরাজগঞ্জ-মুলবাড়ী বাইপাস সড়কে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি।
তিনি বলেন, বৃদ্ধের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।
