ডেসটিনির সম্পত্তি: প্রথম আলোর সংবাদের প্রতিবাদ পুলিশের
বন্ধ হয়ে যাওয়া মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনি গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণে পুলিশের অনিয়ম নিয়ে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার মিন্টো রোডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম প্রকাশিত সংবাদটি ‘সত্য নয়’ বলে দাবি করেন।
গত ৭ জুলাই প্রথম আলোর প্রথম পাতায় ‘ডেসটিনির সম্পত্তি পুলিশ খাচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “প্রকাশিত সংবাদে ‘খাচ্ছে’ শব্দটি স্থূল। ক্ষোভ থেকেই এ ধরনের স্থূল শব্দ ব্যবহার করা হয়।”
‘ডেসটিনির সম্পত্তি পুলিশ খাচ্ছে’ শিরোনামের সঙ্গে লেখার উপজীব্যের যথেষ্ট অমিল রয়েছে অভিযোগ করে তিনি বলেন, “পুলিশের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সংগঠনকে পর্যাপ্ত তথ্য-উপাত্ত ছাড়া নেতিবাচক ও ব্যঙ্গাত্মক উপস্থাপন রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করারই অপপ্রয়াস।
“আমরা আশা করবো সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।”
প্রকাশিত সংবাদের অসঙ্গতি তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, “ডেসটিনির ৫০টি গাড়ি পুলিশ ব্যবহার করছে। তিনটি সিনেমা হলের আয় পুলিশের নামে ব্যাংকে জমা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
“বিজ্ঞ আদালতের নির্দেশে ডিএমপি ২৭টি টি বিভিন্ন ধরনের যানবাহন হেফাজতে নিয়েছেন। তার মধ্যে আদালতের নির্দেশে তিনটি গাড়ি সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেয়া হয়েছে। বাকি ২৪ গাড়ির মধ্যে ২০টি পুলিশ অপারেশনাল কাজে ব্যবহার করছে। কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করছে না।”
সবকিছু আদালতের নির্দেশেই হচ্ছে জানিয়ে তিনি জানান, আদালত ডেসটিনির এসব সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব (রিসিভার) পুলিশ কমিশনারকে দিয়েছেন।
তিনটি নয়, দুটি সিনেমা হলের ভাড়া উঠিয়ে ডাচ-বাংলা ব্যাংকের যৌথ সঞ্চয়ী হিসাবে জমা দেয়া হচ্ছে আর প্রতি মাসের প্রতিবেদন আদালতকে অবহিত করা হচ্ছে, বলেন মনিরুল।
পুলিশ আদালতের নির্দেশে ডেসটিনি লেকসিটি কনকর্ড আবাসিক কমপ্লেক্সের আটটি ফ্ল্যাট থেকে ভাড়া আদায় করে যৌথ সঞ্চয়ী হিসাবে জমা দিচ্ছে বলে জানান তিনি।
মনিরুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশে পুলিশ যে রিসিভারের দায়িত্ব পালন করছে তা প্রতিবেদনে উল্লেখ না করে কৌশলে এড়ানো হয়েছে, যা প্রথম আলোর মতো পত্রিকার কাছে আমাদের কাম্য নয়।”
খবরের প্রতিবাদ জানিয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলন। আর আমি যে সব কথা আপনাদের (সাংবাদিক) বলছি তা হুবহু লেখার দরকার নেই। আপনারা যাচাই করে তারপর প্রতিবেদন লিখবেন।”
