২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল শুরু

নরসিংদীতে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ফের রেল চলাচল শুরু হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 09:00 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ পথে রেল চলাচল শুরু হয় বলে নরসিংদী রেল স্টেশনের মাস্টার মো. নুরুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকা থেকে আসা উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত দুটো কনটেইনার সরিয়ে রেল লাইন মেরামতের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বিকাল সাড়ে ৫টার দিকে ঘোড়াশাল-জিনারদী রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটসহ ওই লাইনের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সাত ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

আগের দিন দুপুরে ভৈরবে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে এ লাইনে সাড়ে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

পর পর দুদিনের ট্রেন দুর্ঘটনা পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচলে অস্বভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। বাতিল ও পরিবর্তন করতে হয় বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি।

নরসিংদীর পলাশ থানার ওসি শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ৮০৪ আপ কন্টেইনার ট্রেনটি কমলাপুর থেকে বিরতিহীনভাবে ঘোড়াশাল স্টেশন অতিক্রম করে।

বিকাল সাড়ে ৫টার দিকে বড়িবাড়ী এলাকায় পৌঁছানোর পর ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

এসময় লাইচ্যুত বগির চাকার তীব্র ঘর্ষণে কয়েকশ স্লিপার ভেঙে উপড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেল লাইনের বিশাল অংশ। এ সময় চাকার ঘর্ষণে লাইনের পাথর চারদিকে ছিটকে পড়ে।

আশপাশের লোকজন বিষয়টি দেখে ট্রেন থামানোর জন্য চিৎকার করতে থাকলে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামান।