ভারতে কারাভোগ শেষে ফিরল ২৫ শিশু
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে তিন বছর সাজাভোগ শেষে ২৫ শিশু দেশে ফিরেছে।
মঙ্গলবার বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল সীমান্তে তাদেরকে হস্তান্তর করে।
চেক পোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, ভারত সরকারের দেয়া বিশেষ পাশের মাধ্যমে তারা ফেরত এসেছে।
ফেরত আসা শিশুরা হলো পিরোজপুরের হুসনাইন, শরিয়তপুরের শাহ আলী, ঢাকার বাবু হোসেন, সোহাগ, সাতক্ষীরার আনিসুর, জসিম, প্রসেনজিত, শামিম, সাইদুল, সবুজ, আমির, করিমুল, হাফিজুর, রাজা মিয়া, তুহিন, শিবুপদ, খুলনার সোহাগ গাজী, আহাদ, আব্দুল সালাম, মতিউর, মেহেদী, যশোরের উছমান, মাহবুব, ঢাকার হাবিবুর ও নড়াইলের রাকিব।
তাদের সকলের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।
জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা অবৈধ পথে তাদের ভারতে পাচার করে।
ভারতের বিভিন্ন শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হয় এবং আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেয়।
তিনি জানান, শিশুদের হস্তান্তরের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাদের নিজ দায়িত্বে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করবেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
