২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতায়: খালেদা

আওয়ামী লীগ ‘বন্দুকের জোরে’ ক্ষমতায় রয়েছে দাবি করে তাদের হটাতে ঈদের পর জোরদার আন্দোলন গড়তে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 08:20 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “সরকারকে বলতে চাই, এখনো সময় আছে, আলোচনা করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে বন্দুকের জোরে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না।”

“এই বন্দুকই একদিন আপনাদের কাল হবে। অনেক বড় শাস্তি ও কঠিন প্রায়শ্চিত্ত আপনাদের হবে। তাই সময় থাকতে সাবধান হউন,”  সরকা্রকে হুঁশিয়ার করেন খালেদা।

ঈদুল ফিতরের পর জোরদার আন্দোলনের ঘোষণা দিয়ে তাতে জোট শরিক দলসহ জনগণকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।  

ইস্কাটনে লেডিস ক্লাবে এলডিপির ইফতার অনুষ্ঠানে এদিন যোগ দেন বিএনপি চেয়ারপারসন। ইফতারের আগে সংক্ষিপ্ত ব্ক্তব্য দেন তিনি।

ঈদের পর আন্দোলনে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ২০ দলীয় জোটনেত্রী খালেদা বলেন, “সাম্যবাদী দল যোগ দিয়েছে। আরো অনেকে যোগাযোগ করেছে এই জোটে যোগ দিতে।

“আমি বলব, ছোট-বড়, বাম-ডান না দেখে এখন সব দলকে একই কাতারে ঐক্যবদ্ধ হয়ে এই জালেম সরকারের সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে এলডিপি সভাপতি অলি আহমদ ছাড়াও ছিলেন দলটির নেতা রেদোয়ান আহমেদ, সাহাদাত হোসেন সেলিম, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার ও কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

জাগপার শফিউল আলম প্রধান, খোন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, আলমগীর মজুমদার, ইসলামিক পার্টির আবদুল মোবিন, ন্যাপের জেবেল রহমান গানি, গোলাম মোস্তফা ভুঁইয়া, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জমিয়তের উলামা ইসলামে মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জামায়াতের রিদওয়ান উল্লাহ শাহিদী, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, এলডিপির মামদুদুর রহমান চৌধুরী, আবদুল করীম আব্বাসী, কামাল উদ্দিন মুস্তফা ও খালেদ সাইফুল্লাহ অনুষ্ঠানে ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- আর এ গনি, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আলতাফ হোসেন চৌধুরী,  আবদুল হালিম, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, হারুনুর রশীদ, ইসমাইল হোসেন বেঙ্গল, শিরিন সুলতানা, রফিক শিকদার প্রমুখ।