রাজশাহীতে ফের পরিবহন ধর্মঘট
শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন চলাচল করতে দেয়ার প্রতিবাদে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে রাজশাহীর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বুধবার সকাল ৬টা থেকে রাজশাহী জেলায় এ ধর্মঘট চলবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।
মঙ্গলবার বিকালে ধর্মঘটের সমর্থনে রাজশাহী বাসটার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
সম্প্রতি রাজশাহী-৩ ও ৬ আসনের সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন চালাতে বলেছেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে তাদের নির্দেশ অনুযায়ী ওইসব এলাকায় মহাসড়কসহ অভ্যন্তরীণ রুটে আবারো এসব যানবাহন চলাচল শুরু করেছে।
এর প্রতিবাদে এবং এসব যানবাহন চলাচল বন্ধের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এ দাবি মানা না হলে পরবর্তীতে রাজশাহী বিভাগে এ ধর্মঘট বর্ধিত করা হবে বলে জানান তিনি।
মাহাতাব উদ্দিন আরো বলেন, এর আগে দফায় দফায় আন্দোলনের প্রেক্ষিতে যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে গত ২০ মে থেকে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করে দেয়।
বিভিন্ন এলাকায় এসব যানবাহন তৈরির কারখানাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সিল করে দেয়া হয়।
এর প্রেক্ষিতে গত ২৮ মে তাদের আন্দোলন স্থগিত করা হয়েছিল।
সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, তার এলাকায় দেশি প্রযুক্তিতে তৈরি শ্যালো ইঞ্জিন চালিত যানবাহনের হাজার হাজার চালক মানবেতর জীবনযাবন করছে।
এ অবস্থায় সামনে ঈদ বিবেচনা করে তার এলাকায় এসব যানবাহন চালানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
