২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের সদস্যদের অচেতন করে চুরি

মাগুরার মহম্মদপুর উপজেলায় চেতনানাশক খাইয়ে একটি বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করেছে দুর্বৃত্তরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

রাঢ়িখালি গ্রামে রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে সোমবার গভীর রাতে এ ঘটনায় ওই পরিবারের ছয় জনসহ সাত জন অসুস্থ হয়েছেন।

মঙ্গলবার তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থদের একজন প্রতিবেশী স্বপন কুমার রায় জানান, রবীন্দ্রনাথ রায়ের পরিবারের ছয় সদস্যসহ তিনি নিজেও তাদের সঙ্গে রাতে খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন।

গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ পাঁচ লাখ টাকা, ১৮ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন সেট ও মূল্যবান গৃহস্থালী সামগ্রীসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

স্বপন কুমার আরো জানান, সন্ধ্যায় রাতের রান্না শেষে সবাই অন্য একটি ঘরে টিভি দেখছিলেন। ধারণা করা হচ্ছে, এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে কাঠাল ও রান্না করা খাবারে চেতনানাশক মিশিয়ে চলে যায়, যেগুলো রাত পরিবারের সদস্যরা খেয়েছেন। 

অসুস্থরা হলেন পরে স্বপন রায় (৫০), রবীন্দ্রনাথ রায় (৭৫), দেবু রায় (৩৫) সন্ধ্যা রায় (২৮), মমতা রানি রায় (৬৫), রামপদ রায় (৬৫) ও কল্পনা রায় (২৮)।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোকসেদুল মোমিন জানান, তারা সবাই আশঙ্কামুক্ত।

মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।