যুবদল নেতা হত্যা মামলার আসামি খুন
রংপুরে যুবদল নেতা মোশাররফ হোসেন পদ্ম হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১০টায় নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ায় তাকে কুপিয়ে আহত করার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়।
নিহত ফরহাদ হোসেন (২২) নগরীর মুন্সিপাড়া এলাকার প্রয়াত রশিদুজ্জামান কুটুর ছেলে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম বলেন, “অবস্থার অবনতি হলে রাতেই ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে বগুড়ার মোকামতলায় মারা যায় ফরহাদ।”
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফরহাদের নামে থানায় হত্যা, সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
২০১১ সালের ১ মে রাতে খুন হন জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন পদ্ম। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফরহাদ এবং তার বড়ভাই ফিরোজ ও ফুয়াদকে আসামি করে মামলা করেন পদ্মর বাবা মহিতুল হোসেন মনু।
গত ২০ মার্চ নগরীর ধাপ ইসলামবাগ এলাকার আইডিয়াল মোড় থেকে নিখোঁজ হন ওই মামলর আসামি ফুয়াদ। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।
