চট্টগ্রামে ব্যবসায়ী হত্যা: ২ পুলিশ গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশ হেফাজতে ব্যবসায়ী হত্যার ঘটনায় করা মামলায় দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার সন্ধ্যায় পাঁচলাইশ থানার এসআই আমির হোসেন ও কনস্টেবল মোসলেম উদ্দিনকে আটক করা হয় বলে একই থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “গোয়েন্দা পুলিশ দুই জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। ব্যবসায়ী রোকনুজ্জামান নিহতের ঘটনায় করা মামলায় তারা দু’জন এজাহারভুক্ত আসামি। সেই মামলাতেই তাদের আটক করা হয়।”
এই বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
গত ২৫ জুন চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদের আদালতে রোকনুজ্জামান নিহতের ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী শিমু আক্তার বাদি হয়ে হত্যা মামলা করেন।
ওই মামলায় সাত পুলিশসহ মোট ১০ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন- এসআই আমির হোসেন, এএসআই এনায়েত হোসেন, কনস্টেবল মিজানুর রহমান, মোসলেম ও খোকন মিয়া, আনসার কনস্টেবল শাহীনুর আলম, গাড়ি চালক আকবর, পুলিশের সোর্স জামাল হোসেন ও হুমায়ন কবির এবং সাধারণ নাগরিক হারুনুর রশিদ।
আসামি সাত পুলিশ সদস্য নগরীর পাঁচলাইশ ও বাকলিয়া থানায় কর্মরত। এদের মধ্যে সোর্স জামাল হোসেন ঘটনার পরই গ্রেপ্তার হন।
২৫ জুন আদালত মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনারকে (গোয়েন্দা) তদন্ত করে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
গত ১৮ জুন রাতে নগরীর নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ লেইন এলাকায় রোকনুজ্জামানকে গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশের একটি দল।
এসময় পরিবারের সদস্যরা পুলিশকে বাধা দেয় এবং গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চায়।
রোকনুজ্জামানের পরিবারের অভিযোগ, গ্রেপ্তার অভিযান চলাকালে তাকে মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে রাত দেড়টায় রোকনুজ্জামান মারা যান বলে পরিবারকে জানানো হয়।
তবে ঘটনার পরদিন পুলিশ কর্মকর্তারা দাবি করেন, গ্রেপ্তারের সময় অসুস্থ বোধ করায় তাকে থানায় না নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি, গত ৫ জুন রোকনুজ্জামানের বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের অভিযোগে মামলা করেন। এছাড়া তার প্রথম স্ত্রী পারভিন আক্তারের করা যৌতুকের মামলায়ও রোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
