২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৯ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীতে অনুমোদন ছাড়া উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে নয়টি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 06:14 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

সোমবার নগরীর বায়েজিদ, ষোলশহর, আগ্রাবাদ, রাজাখালী ও তুলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বায়েজিদ এলাকায় অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন করায় আমানত সয়াবিন স্টোরকে এক লাখ টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শহীদ সয়াবিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ চানাচুর বিক্রি করায় একটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের আরেকটি অভিযান দল নগরীর কর্ণফুলী মার্কেটে মূল্যতালিকা না থাকায় একটি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করে।

বেগুনের দাম বেশি রাখায় একটি সবজির দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগ্রাবাদ এক্সেস সড়কের প্রগতি বেকারি অ্যাণ্ড কনফেকশনারীকে মেয়াদোত্তীর্ণ মাখন রাখায় ১৫ হাজার ‍টাকা জরিমানা করা হয়।

আরেকটি অভিযান দল চাক্তাইয়ের রাজাখালী ও তুলাতলী এলাকায় মুড়ি ও সেমাই কারখানায় অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে চৌবাচ্চায় মুড়ি তৈরির চাল ধোয়া হয় সেই চৌবাচ্চাতেই কারখানার শ্রমিকরা গোসল করেন।

“একারণে আদর্শ মুড়ি ‍কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিস্কার পানি ব্যবহার করায় আবদুল মান্নান সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।”

একই অভিযানে তুলাতলী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদনহীন রাসায়নিক পদার্থ ব্যবহার করে লাচ্ছা সেমাই তৈরি করায় হোসেন ফুড প্রডাক্টের ডায়মণ্ড সেমাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।