স্ত্রী হত্যায় কথিত প্রেমিকাসহ চিকিৎসকের যাবজ্জীবন
স্ত্রী হত্যার মামলায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সাবেক সহযোগী অধ্যাপক তোজাম্মেল হোসেন এবং তার কথিত প্রেমিকা শামসুন্নাহার ওরফে নার্গিসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।
রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
আসামি তোজাম্মেলের বাড়ি ঝালকাঠী জেলার রাজাপুর থানার চারাখালী গ্রামে। অন্য আসামি নার্গিসের বাড়ি পিরোজপুর জেলার কাউখালী থানার শিয়ালকাঠি গ্রামে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নান এবং বাদীর ব্যক্তিগত আইনজীবী জেয়াদ আল মালুম। আসামিপক্ষে ছিলেন আবদুর রেজাক খান।
আদালতের রায়ে সন্তুষ্ট হতে পারেননি মামলার বাদী নিহত ফাহমিদা আক্তার নাজমার ভাই মেহেদী হাসান।
রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন,“প্রধান আসামির ফাঁসি হওয়া উচিত ছিল। ফাঁসির দাবিতে আমি হাই কোর্টে যাব।”
রায়ের বিবরণ থেকে জানা যায়,২০০৮ সালের ৬ জুলাই মিরপুর ২ নম্বর সেক্টরের এ ব্লকের ৫ নম্বর লেনের একটি বাসায় নাজমাকে হত্যা করা হয়।
তার হাত-পাঁ বেঁধে বটি দিয়ে কোপানোর পর শরীরে গরম পানি ঢেলে, চোখ উপড়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়।
এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে মিরপুর থানার এ হত্যা মামলা করেন।
মামলায় বলা হয়,১৯৯৬ সালে বিয়ের কিছুদিন পরই স্বামী তোজাম্মেল হোসেনের সঙ্গে অন্য নারীর সম্পর্কের বিষয়টি জানতে পারেন নাজমা। এতে বাধা দেয়ায় নাজমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এ নিয়ে ২০০০ সালে থানায় একটি জিডিও করেছিলেন নাজমা।
এই হত্যামামলার তদন্ত শুরু করেন মিরপুর থানার এসআই গোলাম রাব্বানী। পরে মামলাটি ডিবিতে বদলি হলে তদন্তের দায়িত্ব পান ডিবির পরিদর্শক মো. শওকত আলম।
এরপর মামলাটির দায়িত্ব দেয়া হয় ডিবির আরেক পরিদর্শক জাকির হোসেনের কাছে। তিনি তদন্ত শেষে তোজাম্মেল হোসেন ও শামসুন্নাহার ওরফে নার্গিসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
হত্যার দায় স্বীকার করে আসামি নার্গিস আদালতে দেয়া জবানবন্দিতে তোজাম্মেলের সঙ্গে পরকীয়া ও পরস্পরের সহায়তায় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছিলেন।
মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য নেয়া হয়।
