সংগঠন-দর কষাকষির সুযোগ আসছে ইপিজেডে
ইপিজেড শ্রম আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যার মাধ্যমে সংগঠন ও যৌথ দর কষাকষির অধিকার পেতে চলেছেন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার শ্রমিকরা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৪’ এর খসড়ায় অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “এ আইনে বলা হয়েছে, ইপিজেড শ্রমিকরা ‘শ্রমিক কল্যাণ সমিতি’ নামে শ্রমিক সংগঠন করার স্বাধীনতা পাবে, তাদের বার্গেনিং ক্ষমতা বা যৌথ দর কষাকষির সুযোগও থাকছে, এ আইন প্রচলিত শ্রম আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।”
সচিব জানান, সমিতি করতে চাইলে কোন প্রতিষ্ঠানের ৩০ ভাগ শ্রমিককে ইপিজেড কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্যে ভোটের ব্যবস্থা করা হবে এবং তাদের মধ্যে ৫০ ভাগ সমিতি করার পক্ষে ভোট দিলে সমিতি অনুমোদন পাবে।
শ্রমিক কল্যাণ সমিতি করতে চাইলে ইপিজেডে নিবন্ধন করতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, ইপিজেড শ্রমিকরা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর আওতা বহির্ভূত এবং তারা আলাদা দুটি নির্দেশিকা, ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইন অনুযায়ী পরিচালিত হয়।
ইপিজেড শ্রমিকদের স্বার্থ নিশ্চিত ও কল্যাণে স্বয়ংসম্পূর্ণ আইন করার প্রয়োজন থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “দুটি বিষয় বিবেচনা করে এ আইন করা হচ্ছে। প্রথমটি হচ্ছে- শ্রম আইন ২০০৬ কে বিবেচনায় রাখা এবং ইপিজেডের আলাদা বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা।”
তিনি বলেন, অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে এ খসড়া করা হয়েছে। এ আইনে ১৬টি অধ্যায়, ২০৪টি ধারা ও পাঁচটি অনুচ্ছেদ রয়েছে।
ইপিজেড শ্রমিকদের চাকরির নিয়োগ শর্ত, প্রসূতি কল্যাণ সুবিধা ও স্বাস্থ্য, চাকরির শর্তসমূহ, নিরাপত্তা ও কল্যাণ মূলক ব্যবস্থা, কাজের পরিবেশ, কর্মঘণ্টা, ইপিজেড মজুরি বোর্ড, সংগঠনের স্বাধীনতা, যৌথ দর কষাকষি, ইপিজেড শ্রম আদালত, পরিদর্শন, ছুটি, মজুরি ও পরিশোধ ইত্যাদি বিষয় এ আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইপিজেডে শ্রমিক সংগঠন করার কারণে মালিক পক্ষের সঙ্গে বা বিদেশি বিনিয়োগে সমস্যা দেখার আশঙ্কা থাকছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মালিকপক্ষের সাথে আলোচনা করেই এ আইনের খসড়া করা হয়েছে এবং তাদের কাছে এটি গ্রহণযোগ্য।
“এ আইন শ্রম আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু অভিন্ন নয়।”
এ আইন প্রণীত হলে ভাবমূর্তি আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব।
ইপিজেডগুলোতে শ্রমিকদের সংগঠন করার সুযোগ দিতে দীর্ঘদিন ধরে তাগাদা ছিল বাংলাদেশের তৈরি পোশাকের ক্রেতা দেশগুলোর।
এ আইন হলে ইপিজেডে শ্রম আইন বাস্তবায়ন নিয়ে দাতাদের উদ্বেগ দূর হবে কি না জানতে চাইলে সচিব বলেন, “সরকার তো দাতাদের চাপে চলে না, সরকার মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে।”
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিসভায় এ আইনের খসড়া উপস্থাপন করা হয়।
