দূষণ: মদিনা ট্যানারি বন্ধের নির্দেশ
পরিবেশ দূষণের অভিযোগে চট্টগ্রামের মদিনা ট্যানারির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত।
সোমবার চট্টগ্রাম পরিবেশ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান ট্যানারি বন্ধের নির্দেশ দেয়ার সঙ্গে এর মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারদণ্ড দিয়েছেন।
আইনজীবী বদরুল জানান, পরিবেশ দূষণের অভিযোগে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আবদুল খালেক ২০০৫ সালের ৮ অগাস্ট বায়েজিদ থানায় জালালাবাদ বটতলী এলাকার মদিনা ট্যানারির বিরুদ্ধে মামলা করেন। এতে ট্যানারির মালিক আবু মোহাম্মদকে আসামি করা হয়।
তদন্ত শেষে ২০০৮ সালের ৮ মে মামলার তদন্ত কর্মকর্তা পরিবেশ অধিদপ্তরের কেমিস্ট সাইফুল ইসলাম অভিযোগপত্র দেন। ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত এ মামলায় অভিযোগ গঠন করে।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, রাষ্ট্রপক্ষের আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরিবেশ আইনের ৯ ও ১২ ধারায় আবু মোহাম্মদকে দণ্ড দেয়।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়ার পাশাপাশি ইটিপি স্থাপন করে ট্যানারিটি কার্যক্রম চালাতে পারবে বলে জানান তিনি।
