মাটিরাঙায় চার শ্রমিককে ‘অপহরণ’
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত চার শ্রমিক ‘নিখোঁজ’ হয়েছেন, যাদের চাঁদার দাবিতে ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সেতুটির নির্মাণকাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আনোয়ার অ্যান্ড সন্সের মালিক হাসানুজ্জামান দাবি করেছেন, ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মীরা অনেকদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা না পেয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি তার।
নিখোঁজ তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- রাজু, ফারুক ও হারুন।
এদের মধ্যে সেতুর নির্মাণকাজে নিয়োজিত বুলডোজারের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানিয়েছেন সেতু নির্মাণের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক সুনীতি ত্রিপুরা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এরপর থেকে চার শ্রমিক নিখোঁজ।
নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শাহজাহান জাহান।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন জানান, ইস্টার্নব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় সরকারি অর্থায়নে ব্যাঙমারা সেতুটি নির্মিত হচ্ছে।
তিনি বলেন, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মোট ১৪টি সেতু নির্মাণের বাজেট ১২১ কোটি টাকা। এরমধ্যে ব্যাঙমারার সেতুটিসহ পাঁচটি সওজের আর বাকিগুলো জাইকার অর্থায়নে নির্মিত হচ্ছে।
