রাবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আনন্দ-উল্লাসের মধ্যে দিয়ে পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পরে পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও সড়ক প্রদক্ষিণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসে শেষ হয়।
মিলনায়তনে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় অংশ নেন রাজশাহী -২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মু. এন্তাজুল হক, ছাত্র-উপদেষ্টা ছাদেকুল আরেফিন, প্রক্টর তারিকুল হাসান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।
সভায় বক্তরা বলেন, বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়া উচিত।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে নয়টি অনুষদের আওতায় ৫০টি বিভাগে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী রয়েছে। এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য এখানে রয়েছে পাঁচটি ইনস্টিটিউট। আর শিক্ষক রয়েছেন প্রায় ১২শ জন।
