২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ঈদ-টিকিট ২০ জুলাই থেকে

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি ২০ জুলাই শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত চলবে এবং একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 01:39 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

ঈদুল ফিতরের তিন সপ্তাহ আগে রোববার রেল ভবনে আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।

এবার ঈদে কয়টি বিশেষ (স্পেশাল) ট্রেন চলবে, তা সংবাদ সম্মেলনে জানানো হয়নি। মন্ত্রী বলেছেন, তা পরে জানানো হবে।

টিকিট কালোবাজারি রোধে প্রশাসন তৎপর থাকার পাশাপাশি ঈদের সময় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছুটি বাতিল করা হবে বলেও মন্ত্রী জানান।     

মুজিবুল হক বলেন, ঈদের জন্য আগামী ২০ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৪ জুলাই পর্যন্ত তা সংগ্রহ করা যাবে।

এর মধ্যে ২০ জুলাই পাওয়া যাবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ তারিখে ২৮ জুলাইয়ের টিকিট দেয়া হবে।

২০ থেকে ২৪ জুলাই প্রতিদিন সকাল ৯টা থেকে আগাম টিকিট কেনা যাবে।

এছাড়া রেলের পশ্চিমাঞ্চল ২৭ জুলাই থেকে ফিরতি টিকিট বিক্রি করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মন্ত্রী বলেন, “প্রতিবারের মতো এবারো কালোবাজারি প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হবে।”

Image
ট্রেন টিকিটের জন্য কমলাপুরে লাইন (ফাইল ছবি)

ট্রেন টিকিটের জন্য কমলাপুরে লাইন (ফাইল ছবি)

টিকিট কালোবাজারি রোধে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রেল সচিব আবুল কালাম আজাদ বলেন, কালোবাজারি ঠেকাতে টিকিট বিক্রির সময় লিঙ্গ ও বয়স জেনে নেয়া হবে।

রেলমন্ত্রী বলেন, “আগামী দুই মাসের মধ্যে টিকিটে যাত্রীরা নাম, বয়স ও লিঙ্গ উল্লেখ করে টিকিট সরবরাহ করা হবে।”

ঈদ উপলক্ষে ঢাকা থেকে প্রতিদিন ১৮ হাজার টিকিট ইস্যু করা হবে বলে জানান রেল সচিব। প্রতিবারের মতো এবারও রেলের কর্মচারী-কর্মকর্তা এবং ভিআইপিদের জন্য মোট টিকিটের শতকরা ৫ শতাংশ বরাদ্দ থাকবে।

প্রতিবারের মতো এবারের ঈদেও বিশেষ ট্রেন থাকবে, ঈদের সময় ১৬৬টি অতিরিক্ত কোচ এবং অতিরিক্ত ইঞ্জিন (লোকোমোটিভ)সংযোজন করা হবে বলে জানান মন্ত্রী।

“তবে কয়টি স্পেশাল ট্রেন থাকবে সে ব্যাপারে কয়েকদিন পর জানানো হবে,” বলেন তিনি।

মুজিবুল হক বলেন, ঈদের সময় যাত্রীদের সুবিধার্থে রেলের গুরুত্বপূর্ণ পদে ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ঈদের সময় যাত্রীদের সেবায় স্টেশনগুলোতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বরগুলো সংবাদ মাধ্যমের জানিয়ে দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মন্ত্রী বলেন, রেল চলাচল স্বাভাবিক রাখার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক তদারকিসহ রেল পরিচালনায় সম্পৃক্ত সব বিভাগের কর্মকর্তা নিয়ে ‘ভিজিলেন্স টিম’ গঠন করা হবে।

সংবাদ সম্মেলনে রেলের মহা-পরিচালক তফাজ্জল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।