২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ওপর হামলা: শাহজালাল ব্যাংকের সোলায়মানের বিরুদ্ধে মামলা

নিজ প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার শাহজালাল ইসলামী ব্যাংকের ‍সাবেক চেয়ারম্যান মো. সোলায়মানের বিরুদ্ধে এবার সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল টোয়েন্টিফোর’র চিত্রগ্রাহক শফিক আহমেদ সজিব।

মামলায় কাজে বাধাদান ও হামলার নির্দেশদাতা হিসেবে সোলয়ামানকে আসামি করা হয়েছে। তিনি ছাড়াও হামলায় অংশ নেয়া অজ্ঞাতনামা আট-নয়জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দানের অভিযোগে একজন সাংবাদিক বাদি হয়ে মামলাটি করেছেন।

“মামলায় নির্দেশদাতা হিসেবে মো. সোলায়মানসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।”

গত বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে রিমান্ড শুনানির জন্য হাজির করা সোলায়মানের ছবি তুলতে গেলে তার লোকজনের হামলার শিকার হন চ্যানেল টোয়েন্টিফোর ও সমকালের চার সাংবাদিক।

হামলায় চ্যানেল টোয়েন্টিফোরের চিত্রগ্রাহক শফিক আহমদ মাথায় এবং প্রতিবেদক জামশেদুল করিম হাতে আঘাত পান। এছাড়া আহত হন দৈনিক সমকালের প্রতিবেদক আহমেদ কুতুব ও চিত্র সাংবাদিক রাশেদ মাহমুদ।

দুদকের অভিযানে গত ২৫ জুন ঢাকার বিজয় নগরের আকরাম টাওয়ার থেকে সোলায়মানকে গ্রেপ্তার করা হয়।

তিনি শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য। ওই ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান এ কে আজাদ চ্যানেল টোয়েন্টিফোর ও সমকালের মালিক।