নির্দেশ মেনে দায়িত্ব পালনে পিজিআরকে রাষ্ট্রপতির আহ্বান
নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার পিজিআর এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
তিনি বলেন, “আপনারা নেতৃত্বের বিন্যাসের প্রতি সম্পূর্ণ আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন এবং এই রেজিমেন্টের মান উত্তরোত্তর বৃদ্ধি করবেন।
“মনে রাখবেন, দেশ ও জাতি আপনাদের ওপর যে মহান দায়িত্ব অর্পণ করেছে, সেই দায়িত্ব পালনে যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে আপনাদেরকে চিরস্মরণীয় করে রাখবে।”
পিজিআরকে আরো সুসংহত করতে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বলেন, “প্রতিদিনই আপনাদের কাজের চাপ বাড়ছে, আপনাদের চাপ লাঘবের জন্য রেজিমেন্টের জনবল বৃদ্ধি করা হয়েছে। আগামীতেও দায়িত্বের ব্যাপকতার বিশ্লেষণ সাপেক্ষে এই রেজিমেন্টকে আরও সুসংহত করার পরিকল্পনা আমার রয়েছে।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৫ জুলাই পিজিআর প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তনের পর রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানের নিরাপত্তা প্রদানের দায়িত্ব এই রেজিমেন্টের ওপর বর্তায়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিনিয়ত আপনাদের দায়িত্ব ও কর্তব্য প্রত্যক্ষ করছি। দায়িত্ব পালনে দিনে রাতে, গ্রীষ্ম, বর্ষা বা যে কোনো পরিস্থিতিতে বা বৈরী আবহাওয়ায় কর্তব্যের প্রতি একাগ্রতা, সচেতনতা, শৃঙ্খলাবোধ এবং সর্বোপরি আপনাদের পেশাগত দক্ষতায় আমি মুগ্ধ হয়েছি। আপনাদের দীপ্ত ও বলিষ্ঠ পদচারণা, কর্তব্যনিষ্ঠা এবং সার্বক্ষণিক সতর্কতায় আমি এক প্রশ্নাতীত চৌকস সেনাবাহিনীর প্রতিচ্ছবি দেখতে পাই।”
পিজিআর-এর আরো দক্ষ হিসেবে গড়ে ওঠার আশা প্রকাশ করে আবদুল হামিদ বলেন, “যে কোনো রেজিমেন্টের উৎকর্ষের জন্য প্রয়োজন নিবিড় প্রশিক্ষণ। দেশে-বিদেশে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে আপনারা আরও দক্ষ, চৌকস ও বিশ্বমানের পেশাদার বাহিনীতে পরিণত হবেন বলে আমার বিশ্বাস।”
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে সাক্ষর করেন এবং পিজিআর কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
