ইফতারের আমন্ত্রণ করায় ‘মারধর’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইফতারের আমন্ত্রণ দেয়ায় কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, যিনি তা অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে এই ঘটনা ঘটে। তবে, বিষয়টি শুক্রবার বিকালে সাংবাদিকদের জানানো হয়।
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর একদল কর্মী রাতে ওই হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ডিলসের কাছে ইফতারের আমন্ত্রণ জানিয়ে অর্থ সহায়তা দিতে বললে এই ঘটনা ঘটে বলে বাঁধন সদস্যরা জানান।
এ ঘটনায় ছাত্রলীগ নেতা ডিলসের নেতৃত্বে অনিক, তরিকুলসহ ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী বাঁধনের কর্মীদের হলের ছাদে ডেকে নিয়ে যান।
সেখানে তাদেরকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে বাঁধনের কর্মী স্বপন, সাদ্দাম, মোশরফসহ অন্যদের এলোপাথারি কিল-ঘুষি মারেন।
পরে বাঁধনের নেতৃবৃন্দ গিয়ে তাদের উদ্ধার করেন।
বাঁধনের উপদেষ্টা রাকিব হাসান বলেন, “একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বাঁধন সবসময় ছাত্রলীগের সহযোগিতা পেয়েছে। কিন্তু ওই নেতা বরাবরই আমাদের কাজে বাধা দিয়ে আসছেন। আমরা আশা করছি ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থ গ্রহণ করবে।”
এ ব্যাপারে দেলোয়ার হোসেন ডিলস বাঁধন কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করলেও তাদের ছাদে ডেকে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।
তিনি বলেন, “ইফতার পার্টির জন্য বাঁধনের ছেলেদের চাঁদা তুলতে নিষেধ করেছিলাম। তারা কথা শোনেনি। তাই তাদের ডেকে নিয়ে এ বিষয়ে কথা বলেছি। মারধরা করা হয়নি।”
ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বলেন, “আমি এ ব্যাপারে বিস্তারিত জানি না। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিষয়টি শুনেছি। কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে।”
