মিরপুরে বাসচাপায় দুই পথচারীর মৃত্যু
রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে ফুটপাতে উঠে গেলে তাতে চাপা পড়ে এক নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর ১১ নম্বরে পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে বলে পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানান।
তিনি বলেন, কালসী সড়কে ফুটপাত ঘেষে রাস্তার সংস্কার কাজ চলছিল। সেখান দিয়ে কয়েক পথচারী হাঁটছিলেন। এ সময় বিহঙ্গ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এ ঘটনায় অন্য এক পথচারী সামান্য আঘাত পান।
নিহতরা হলেন- চাঁন মিয়া (৩৫) ও শাহনাজ আক্তার (৪৫)।
চাঁন মিয়া ওই এলাকায় একটি চা’র দোকান চালাতেন বলে তার শ্যালক আতিক জানিয়েছেন।
পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, বাসচালক বেলালকে আহত অবস্থায় আটক করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
