২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে শ্রমিক সংঘর্ষ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে দুটি শিপ ব্রেকিং ইয়ার্ডের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 09:13 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়ে ঘণ্টাখানেক ধরে চলা সংঘর্ষে কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকালেও সীমানা প্রাচীর নিয়ে আলী স্টিল ও এম এ শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে দুই পক্ষের শ্রমিক-কর্মচারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ থামাতে আনসার বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে বলে স্থানীয়রা দাবি কররেও তা অস্বীকার করেন পরিদর্শক আমিনুল।  

তিনি বলেন, “সীমানা প্রাচীর নিয়ে বিরোধে সংঘর্ষে দুয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।

“সেখানে আনসার সদস্যদের গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় রাত ৮টা পর্যন্ত কেউ কোনো অভিযোগও করেনি।”