হরিণ লালন-পালনে বিধিমালা হবে: বনমন্ত্রী
হরিণ লালন-পালনে প্রণীত নীতিমালা অপব্যবহারের কারণে তা স্থগিত করে আইনের আলোকে বিধিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ সোহরাব উদ্দিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বনমন্ত্রী জানান, ২০০৯ সালে চিত্রল হরিণ লালন-পালন নীতিমালা প্রণীত হলেও এর ব্যাপক অপব্যবহার হওয়ায় নীতিমালাটির কার্যকারিতা স্থগিত করা হয়।
তবে ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন প্রণীত হয়েছে।
এ প্রসঙ্গে মঞ্জু বলেন, “এই আইনের আওতায় বিধি প্রণয়ন করে হরিণ লালন-পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিধি প্রণয়নের কাজ চলছে।”
কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানান, ২০১২-১৩ অর্থ বছরে বিমানের লোকসানের পরিমাণ ছিল ১৯১ দশমিক ৫৯ কোটি টাকা। আগের বছরে এ লোকসান ছিল ৫৯৪ দশমিক ২১ কোটি টাকা।
“যা আগের অর্থবছরের লোকসানের তুলনায় ৪০২ দশমিক ৬২ কোটি টাকা কম।”
চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী সংসদকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন অপকর্মে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ বন্ধ করতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য কর্মস্থলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে মেনন জানান, পরিকল্পিত নগরায়ণ এবং পর্যাপ্ত অবকাঠামো সুবিধা চূড়ান্ত হলে কক্সবাজারকে পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করা যেতে পারে।
ইলিয়াছ উদ্দিন মোল্লাহর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল জানান, রাজধানীর পল্লবীর শহীদ বুদ্ধিজীবী জল্লাদখানায় একটি মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপনের পরিকল্পনা আছে। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে তা প্রকল্পভুক্ত করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ মুহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাসের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদকে জানান, গেজেটে নাম অর্ন্তভুক্ত হয়নি এমন মুক্তিযোদ্ধাদের ৩০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর অনলাইনে এই আবেদন করতে হবে। এই সময়ের পরে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, কৃষি বিজ্ঞানীদের বর্তমানে চাকরি থেকে অবসরের বয়সসীমা ৫৯ বছর। কৃষি বিজ্ঞানীদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য তাদের চাকরির বয়সসীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে।
সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব চলে।
