শেষ হলো সংসদের বাজেট অধিবেশন
জাসদ-জাতীয় পার্টির সাংসদদের পাল্টাপালি বক্তব্যে উত্তেজনা, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে শেষ হলো দশম সংসদের দ্বিতীয় অধিবেশন, যা ছিল মূলত বাজেট অধিবেশন।
বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন।
সমাপনী বক্তব্যে শিরীন শারমিন বলেন, “বাজেটের ওপর সরকারি, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন। তাদের এই মূল্যবান মতামত বাজেটকে আরো অর্থবহ করে তুলবে এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
গত ৩ জুন শুরু হয় বাজেট অধিবেশন। ৫ জুন অর্থমন্ত্রী ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন। যার ওপর প্রায় ৬৩ ঘণ্টা আলোচনা করেন সংসদ সদস্যরা।
এরপর গত ২৯ জুন পাস হয় ২০১৪-১৫ অর্থবছরের বাজেট। অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৩টি।
‘কার্যকর বিরোধী দল’ হিসেবে নিজেদের পরিচয় দিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্যরা বাজেট আলোচনায় অংশ নেন। এসব আলোচনায় তারা আর্থিক খাতে বিশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনা করেন। তবে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সরকারের সমালোচনার চেয়ে খাদ্যে বিষক্রিয়া নিয়ে সরব ছিলেন বেশি।
২৯ জুন ‘নির্দিষ্টকরণ বিল-২০১৪’ এর ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অর্থ, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন বিরোধীদলীয় সদস্যরা। এছাড়া মিরপুরে বিহারী ক্যাম্পে হামলা ও প্রাণহানি, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও কথা বলেন তারা।
খাদ্যে ফরমালিন ও রাসায়নিক প্রয়োগ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা হয়েছে ৫৮ ঘণ্টা ৫৫ মিনিট। আর ২০১৩-১৪ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা হয়েছে ৪ ঘণ্টা ১১ মিনিট।
কার্য উপদেষ্টা কমিটি ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নিয়েছিল। সম্পূরক ও সাধারণ বাজেটের ওপর ২৬৫ জন সংসদ সদস্য আলোচনা করেছেন।
এ অধিবেশনে বাজেট সংক্রান্ত তিনটিসহ ছয়টি সরকারি বিল পাস হয়।
কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ১৩২টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ৬টি গৃহীত ও ৩টি নিয়ে সংসদে আলোচনা হয়। ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিসের সংখ্যা ৩০টি।
প্রধানমন্ত্রীর উত্তর দেয়ার জন্য মোট ২৩০টি প্রশ্ন পাওয়া যায়, এরমধ্যে তিনি ৪৭টির উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেয়ার জন্য মোট ৩ হাজার ৪২০টি প্রশ্ন পাওয়া যায়।
