২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে শনিবার থেকে চার দিনের অবরোধ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিশনের প্রতিনিধি দলের সফরের প্রতিবাদে বান্দরবানে  চার দিনের সড়ক ও নৌপথ অবরোধের কর্মসূচি দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। 

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 04:20 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় ছাত্র নেতা মো. কামরান দাবি করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিশনের একটি প্রতিনিধি দল বান্দরবান সফরের কর্মসূচি রয়েছে।

এতে পার্বত্য বান্দরবানে পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বিনষ্ট হবে বলে তারা মনে করেন। তাই আমরা এ কর্মসূচি দেয়া হয়।

আগামী ৫ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত জেলায় সড়ক ও নৌপথ অবরোধ করা হবে বলে জানান তিনি। 

বান্দরবানের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, অবরোধের সময় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের অবাধ চলাফেরা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে যা যা করা দরকার তা করা হবে।

গত ১০ জুন খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বিজিবির ব্যাটালিয়ন স্থাপনকে কেন্দ্র করে পাহাড়িদের সঙ্গে পুলিশ ও বাঙালি শ্রমিকদের সংঘর্ষ হয়। এই ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় নারীসহ ৭ জন এখনো কারাগারে আটক রয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিশনের প্রতিনিধি দল পার্বত্য জেলাগুলো সফর করছে। খাগড়াছড়ি ও রাঙামাটি হয়ে তারা শনিবার (৫ জুলাই) বান্দরবান পৌঁছবেন।