মুহুরী নদীতে বালু তোলায় জরিমানা
ফেনীর পরশুরামে মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবদুল কাদির ও মো. রাশেদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডিত মো. নাসির উদ্দিনকে (৪৫) এ জরিমানা করা হয়, যা অনাদায়ে তাকে একমাস কারাভোগ করতে হবে।
এ সময় বালু তোলার ৫টি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া বালু তোলার বেশকিছু সরঞ্জাম জব্দও করা হয়।
সহকারী কমিশনার মো. রাশেদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা মুহুরী নদীর ফেনীর পরশুরামে একাধিক অংশে বালু উত্তোলন করে আসছিল।
ইত্যেমধ্যে বেশ কয়েকবার ওই সকল স্থানে অভিযান চালিয়ে বালু তোলার সরঞ্জাম ধ্বংস করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মুহুরী নদীর পরশুরাম উপজেলা সদরে ও চিথলিয়া অংশে অভিযান চালান।
এ সময় পৌরসভার উত্তর বাউর খুমা, দক্ষিণ বাউর খুমা, অনন্তপুর এলাকার ১নং ঘাট, সাহেব নগর ও চিথলিয়ার কুন্ডির পাড়ে উত্তোলিত তিন লাখ ১০ হাজার ঘনফুট বালু ও বালু তোলার ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
পরে জব্দকৃত মেশিনগুলো ঘটনাস্থলে মেশিনের ডিজেল দিয়ে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে একাধিক বালু উত্তোলনকরী পালিয়ে গেলেও পরশুরামের মো. নাসির উদ্দিন নামে এক উত্তেলনকারীকে আটক করে আদালত।
বালু মহাল ও মাটি ব্যবস্থা আইনে অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. নাসির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
