২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফিয়ে পড়ে হত্যা মামলার আসামির মৃত্যু

টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন থেকে লাফিয়ে পড়ে হত্যা মামলার এক আসামির মৃত্য হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 04:43 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বুধবার বেলা ২টার দিকে ওই ভবনের পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়েন স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার হারুনুর রশীদ মন্ডল (৩০)।

কালিহাতী উপজেলার পালিমা গ্রামের ফুলচান মিয়ার ছেলে হারুন।

কালিহাতী থানার ওসি মো. মনির হোসেন জানান, স্ত্রী আমেনা বেগমকে হত্যার অভিযোগে সকালে হারুনকে গ্রেপ্তার করা হয়। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য তাকে মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।

তিনি বলেন, “বেলা ২টার দিকে পঞ্চম তলায় হাতকড়া খুলে বিচারকের কামরায় নেয়া হলে সেখান থেকে সে দৌড়ে গিয়ে লাফ দেয়।

তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের ডা. মিনহাজ উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।”

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে কালিহাতীর পোশনা নদী থেকে হারুনের স্ত্রী আমেনার (১৮) লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কালিহাতী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।