হাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিপাতলী ইউনিয়নের ছমির উদ্দিনের বাড়ি এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে নিহত বিবি হালিমা বেগমের (২১) লাশ উদ্ধার করা হয়।
হালিমার পরিবারের দাবি, তাকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে। তবে শ্বশুর বাড়ির লোকজন পুলিশকে বলেছে, হালিমা আত্মহত্যা করেছেন।
নিহত হালিমার গ্রামের বাড়ি রাউজানের গহিরায়। তার স্বামী মো. জসিম সোমবার রাত থেকে পলাতক।
হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিপাতলীতে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে রাত ১টার দিকে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হালিমার লাশ উদ্ধার করা হয়।
“তার শ্বশুর বাড়ির লোকজনের দাবি, ছেলে মারধর করায় শ্বাশুড়ি হালিমাকে বকা দেয়। এরপর সে রাতে আত্মহত্যা করে।”
লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হালিমার মা রোকেয়া বেগম সাংবাদিকদের বলেন, যৌতুকের জন্য নির্যাতন করে হালিমাকে মেরে ফেলা হয়েছে।
এ ঘটনায় হালিমার পরিবারের কেউ মামলা করতে এলে তা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
