২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিল

পার্বত্য জেলা পরিষদগুলোর অন্তর্বর্তীকালীন পরিষদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তিনটি পৃথক বিল সংসদে উত্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 04:49 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

মঙ্গলবার বিল তিনটি উত্থাপন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।

বিলগুলো হলো- ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’, ‘বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’, ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’।

১৯৮৯ সালের এ সংক্রান্ত তিনটি আইন সংশোধনের প্রস্তাব দিয়ে বিলগুলো উত্থাপন করা হয়।

পরে বিলগুলো পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

রাঙ্গামাটি জেলা পরিষদ সংশোধন সংক্রান্ত বিলের উদ্দেশ্য সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, “পার্বত্য জেলা পরিষদ গঠন হওয়ার পর ১৯৮৯ সালে মাত্র একবার প্রত্যক্ষ ভোটে পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হয়েছিল। ২০০৯ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিলুপ্ত করে ১৯৮৯ সালের আইন অনুযায়ী একজন চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে অন্তবর্তী পরিষদ গঠন করা হয়।

“জেলা পরিষদে ছোট-বড় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অ-উপজাতীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার কথা থাকলেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোনো প্রতিনিধি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি জেলা পরিষদে নেই।”

বিলে রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে চাকমা নৃ-গোষ্ঠীর তিনজন, মারমা, খেয়াং, লুসাই, তঞ্চৈঙ্গা, ও ত্রিপুরা জনগোষ্ঠীর একজন করে এবং অ-উপজাতীয় থেকে তিনজন সদস্যকে অন্তর্বর্তী পরিষদে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইনের সংশোধনের প্রস্তাবে চাকমাদের তিনজন, মারমা ও ত্রিপুরাদের দুইজন এবং অ-উপজাতীয় থেকে তিনজন সদস্য অন্তর্বর্তী পরিষদে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

একইভাবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধন সংক্রান্ত বিলে, মারমা নৃ-গোষ্ঠীর দুইজন, তঞ্চৈঙ্গা, চাকমা, ম্রো, ত্রিপুরা, চাক, খিয়াং, খুমী, বোম, লুসাই ও পাংখু জনগোষ্ঠী থেকে একজন করে এবং অ-উপজাতীয় থেকে তিনজনকে অন্তর্বর্তী পরিষদে নেয়ার প্রস্তাব রাখা হয়েছে।