২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যার আসামির জামিন স্থগিত

তানভীর মোহাম্মদ ত্বকী হত্যামামলায় গ্রেপ্তার সালেহ রহমান সীমান্তের জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 04:37 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুই সপ্তাহের জন্য হাই কোর্টের জামিনের আদেশে এই স্থগিতাদেশ দেন।

গত ২৪ জুন হাই কোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ সীমান্তকে জামিন দিয়েছিল।

ওই আদেশের বিরুদ্ধে আপিল হচ্ছে জানানোয় জামিন পাওয়ার পরও তাকে ছাড়েনি কারা কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে ত্বকীকে গত বছরের ৬ মার্চ হত্যা করা হয়। দুদিন পর শীতলক্ষ্যার একটি খালে তার লাশ পাওয়া যায়।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

লাশ পাওয়ার দিনই সদর মডেল থানায় হত্যা মামলা করেন রাব্বি। পরে ১৮ মার্চ শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগসহ সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে একটি অবগতিপত্র দেন তিনি।

রাব্বির অভিযোগ, শামীম ওসমানের ভাস্তে আজমেরি ওসমানের কার্যালয়ে ত্বকীকে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

গত বছরের ৭ অগাস্ট আজমেরির ওই কার্যালয়ে অভিযান চালিয়ে একটি রক্তমাখা প্যান্টসহ বিভিন্ন জিনিস উদ্ধার করে র‌্যাব।

তবে শামীম ওসমান বরাবরই ত্বকী হত্যাকাণ্ডে তার পরিবারের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন।

ত্বকী হত্যা মামলা প্রথমে পুলিশের হাতে থাকলেও পরে আদালতের আদেশে তদন্তভার র‌্যাবকে দেয়া হয়।

ত্বকী হত্যা: ওসমানপুত্রের অফিসে রক্তমাখা প্যান্ট

আজমেরিকে গ্রেপ্তারের দাবি রাব্বির