‘কন্ট্রাক্ট কিলিং পুলিশ করে না’
মতিঝিলে নিহত দুজনের পরিবার অর্থ নিয়ে হত্যার যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে করেছে, তা প্রত্যাখ্যান করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
তিনি সোমবার সাংবাদিকদের বলেছেন, “পুলিশ কন্ট্রাক্ট কিলিং করে না। তারা (নিহতের পরিবার) তো এমন কথা বলবেই। কেননা তাদের সংসার চলে সন্ত্রাসীদের আয়ে।”
রোববার ভোরে মতিঝিলে দুই ব্যক্তি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। পুলিশ বলছে, নিহত দুজন ছিলেন তালিকাভুক্ত সন্ত্রাসী। তবে নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষ গ্রুপ পুলিশকে দিয়ে এই কাজটি করিয়েছে।
একটি বেসরকারি ব্যাংকের সৌজন্যে মতিঝিল এলাকায় গাড়িতে ফরমালিনবিরোধী স্টিকার লাগানো প্রচারণার উদ্বোধন করে বন্দুকযুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বেনজীর।
তিনি বলেন, “সন্ত্রাসীরা গুলি করে ছিনতাই করবে আর পুলিশ বসে থাকবে এটা হতে পারে না। সাধারণ মানুষের জানমাল রক্ষায় যা যা করণীয়, পুলিশ তাই করবে।”
ফরমালিন প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, ফলে ফরমালিনবিরোধী অভিযানের কারণে এখন মাঠ পর্যায়ে অনেকেই সচেতন হয়েছেন। সেজন্য ফলে ফরমালিনের ব্যবহারও অনেক কমে গেছে।
বাংলাদেশের বাইরে থেকে আসা ফলে ফরমালিন পরীক্ষার বিষয়ে তিনি বলেন, তার পরীক্ষাও করা হচ্ছে। বিমানবন্দর, নৌবন্দরসহ যে সব জায়গা দিয়ে আমদানি করা ফল দেশের ভেতরে ঢোকে, সে সব জায়গায় ফল পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
