২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তায় পানি বৃদ্ধি, নীলফামারীর ১৫ গ্রাম প্লাবিত

নদীতে হঠাৎ পানি বৃদ্ধির ফলে তিস্তা তীরবর্তী ডিমলা ও জলঢাকা উপজেলার সাতটি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়ে দুই সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 06:01 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

তাদের সরিয়ে তিন্তা নদীর পশ্চিম তীরে গ্রামরক্ষা বাঁধে ‘নিরাপদ’ আশ্রয়ে নিয়ে গেছে কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, সোমবার সকাল ৬টায় পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বিকাল ৩টা নাগাদ তা কমে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

পানি নিয়ন্ত্রণের জন্য ব্যারাজের সবকটি গেট খুলে দেয়া হয় বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, রোববার গভীর রাত থেকে বাড়তে থাকে তিস্তার পানি। সোমবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। পরে সকাল ৯টায় আট সেন্টিমিটার কমে ১৬ সেন্টিমিটার এবং বিকাল ৩টায় পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এদিকে নদীতে পানি বৃদ্ধির ফলে ডিমলার খালিশাচাপানী ইউনিয়নের ৫ নম্বর ওয়াডের পশ্চিম বাইশপুকুর গ্রাম প্লাবিত হওয়ায় ওই গ্রামের রাস্তাঘাট, ফসলি জমি কোমর পানিতে তলিয়ে গেছে। এছাড়াও পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি ও গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার শৌলমারি ও ডাউয়াবাড়ি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম হাঁটুপানিত তলিয়ে রয়েছে বলে জানান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

খালিশাচাপানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী বলেন, রোববার গভীর রাতে পানি বৃদ্ধি পেয়ে পশ্চিম বাইশপুকুর গ্রামে প্রবেশ করে। এতে আশপাশের গ্রামের ৪০টি পরিবারের ঘরবাড়িসহ গ্রামের রাস্তাঘাট কোমর পানিতে তলিয়ে যায়।  এ সময় ওই পরিবারগুলোর ঘরে থাকা হাঁসমুরগি পানিতে ভেসে গেলেও পরিবারের লোকজনদের সরিয়ে নেয়া হয়েছে।

খালিশাচাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক বলেন, রাত থেকেই তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ইউনিয়নের পশ্চিম বাইশপুকুর ও পূর্ববাইশ পুকুর গ্রাম প্লাবিত হয়। এসময় ওই দুই গ্রামের অন্তত দুইশত পরিবারকে সরিয়ে বামতীর (পশ্চিম তীর) বাঁধের উপর নিয়ে রাখা হয়েছে।

পূর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ইউনিয়নের ঝাড়শিঙ্গেশ্বর চরের কাছ দিয়ে তিস্তার আরেকটি চ্যানেল তৈরি হয়ে পানি প্রবাহিত হওয়ায় সেখানে ভাঙন শুরু হয়েছে। সোমবার সকালে ওই চরের চারটি পরিবারের ভিটাবাড়ি তিস্তা নদীতে বিলীন হয়েছে ও ১০টি পরিবারের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা চাওয়া হয়েছে। তালিকা হাতে এলেই ক্ষতিগ্রদের সহযোগিতা করা হবে।