সোয়া ৪ বছরের চেষ্টায় ‘স্বপ্নের’ দেশে
কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছিলেন আট বাংলাদেশি যুবক, তবে পথটি স্বাভাবিক না হওয়ায় নানা চড়াই-উৎরাই পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে চার বছরেরও বেশি সময় লেগে যায় তাদের।
এ সময়ে ছয়টি দেশ ঘোরেন আট বাংলাদেশি, কারাগারেও কাটাতে হয় তাদের। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে পারলেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত আশ্রয়।
যুক্তরাষ্ট্রের একটি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে গত বৃহস্পতিবার তারা লসএঞ্জেলেসে পৌঁছান বলে লসএঞ্জেলেস প্রবাসী মূকাভিনেতা কাজী মাশহুরুল হুদা জানিয়েছেন।
এরা হলেন- সিলেটের বিয়ানিবাজারের মো. নেফল মিঞা, মো. রুবেল মিঞা, মো. সালেক মিঞা, মুসা আহমেদ, সৈয়দ নাইম, শাকেদুর রহমান, কুমিল্লার গোলাম মাওলা ও নোয়াখালীর রাসেল আহমেদ।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশহুরুল জানান, বেকারত্বসহ নানা কারণে হতাশা থেকে যুক্তরাষ্ট্রে আসার পরিকল্পনা করেন ওই আটজন।
এরপর বেশ কিছু টাকা নিয়ে দেশ ছাড়েন। পরে ভারত, ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, পানামা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান তারা।
আট বাংলাদেশি তিন বছর আগে ভারত থেকে ব্রাজিলে পৌঁছান। সেখানে কাজকর্ম করে কিছু অর্থ জমিয়ে আবারো দালাল ধরেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।
মাশহুরুল হুদা বলেন, “ব্রাজিল থেকে ভেনেজুয়েলা, সেখান থেকে কলম্বিয়া হয়ে পানামায় যান তারা। পানামা পুলিশের কাছে ধরা পড়লে সেখানে তিন মাস হাজতে থাকার পর ১০ দিনের মধ্যে দেশ ছাড়ার নোটিস দেয়া হয়।
“এক পর্যায়ে পানামার আদম ব্যাপারির সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা মেক্সিকো পৌঁছান এবং দুর্গম পথে জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকান সীমান্ত সানডিয়াগোতে এসে আমেরিকায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।”
এরপর যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন বিভাগ ১৩ দিন তাদের আটকে রাখে। পরে আদালতে জবানবন্দি দেয়ার পর তাদের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন বিবেচনায় রেখে জামিন দেন বিচারক।
সানডিয়াগোর আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার লসএঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’-এ আসেন ওই আট বাংলাদেশি। সেখানে হোটেল ভাড়া করে তাদের থাকার ব্যবস্থা করেন প্রবাসীরা।
লসএঞ্জেলেস প্রবাসী মমিনুল হক বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধ কোন পরিচয়পত্র না থাকায় ওই আট যুবক কোন হোটেলে অবস্থান করতে পারছিলেন না। এ অবস্থায় আমার নামে হোটেল ভাড়া নিয়ে থাকার ব্যবস্থা করেছি।”
‘লিটল বাংলাদেশ’-এ অবস্থিত বাংলাদেশি রেস্তোরাঁ মালিক নাজমুল হক তাদের খাবারের ব্যবস্থা করেন।
এরপর শনিবার রাতে আত্মীয়-স্বজনের খোঁজে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তারা।
যুক্তরাষ্ট্র ইমিগ্রেশনের একাধিক এটর্নি জানান, নিউ ইয়র্কে তাদের ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে হবে।
বাংলাদেশ তাদের জন্যে নিরাপদ নয় এবং বাংলাদেশে ফিরে গেলে রাজনৈতিক প্রতিপক্ষের শিকার হবেন-এ বিষয়টি আদালতকে বোঝাতে সক্ষম হলেই তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন।
