তাড়াশে মুক্তিপণের দাবিতে ব্যবসায়ী অপহরণ
সিরাজগঞ্জের তাড়াশে মুক্তিপণের দাবিতে এক ধান ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে এ ঘটনার সময় অপহৃতের বাবা ও ছোটভাইকে মারধর এবং তাদের কাছ থেকে নগদ ৮১ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
তাদের দুজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার বলেন, রাত দেড়টার দিকে ২০-২৫ জনের একটি চক্র উপজেলার কাটাগাড়ী বাজারে আব্দুল হালিমের ধানের আড়তে হামলা চালায়। এ সময় তারা হালিম, তার বাবা মজিবর রহমান ও ছোটভাই জাহাঙ্গীর আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে মজিবর ও জাহাঙ্গীরকে জখম করে ৮১ হাজার টাকা ও হালিমকে তুলে নিয়ে যায়।
“যাওয়ার সময় তারা হালিমের মুক্তিপণ হিসাবে দুই লাখ টাকা দাবি করে। অনথ্যায় তাকে হত্যার হুমকি দেয়।”
এ বিষয়ে তাড়াশ থানার ওসি আতাউর রহমান বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির তদন্ত চলছে।
“তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিকেল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করেনি।”
