সোমবার থেকে রোজা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে কেউ কেউ রোজা শুরু করলেও রোববার রাতে সেহরি খেয়ে সোমবার রোজা রাখবেন বাংলাদেশের মুসলিম সম্প্রদায়।
শনিবার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত দেয় ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, “শনিবার দেশের কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। তাই শাবান মাস রোববার পূর্ণ হবে। সোমবার থেকে শুরু হবে প্রথম রমজান।”
সৌদি সরকার ইতোমধ্যে রোববার থেকে রমজান মাস গণনার সিদ্ধান্ত জানিয়েছে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়।
তবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদুল ফিতরের দিন।
চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আগামী ২৫ জুলাই রাতে বাংলাদেশে শবে কদর পালন করা হবে।
সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ আফ্রিকার তিউনিশিয়া, আলজেরিয়া, লিবিয়া, মিশর, সুদান এবং এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়ও রোববার থেকে রমজান শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় রোজা শুরু করেছে রোববার থেকে। রমজান উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছাও জানিয়েছেন।
