মতিঝিলে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত
রাজধানীর মতিঝিলে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন, যাদেরকে ছিনতাইকারী দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
ডিবির উপ-কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত আড়াইটার দিকে মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাকির হোসেন আকমল (৩৫) ও মো. রমজান (৩০)।
আকমলের স্ত্রী সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালে। ঢাকায় তারা ডেমরায় থাকেন।
সায়দাবাদের বাসিন্দা রমজানের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত জাহান ঝর্না।
নিহত দুজনই সায়দাবাদে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি বলেন, রাতে ওই স্থানে গোয়েন্দা পুলিশ দুটি মোটর সাইকেলকে থামার সংকেত দেয়।
“দুই মোটর সাইকেলে ছয়জন আরোহী ছিল। তারা না থেমে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। বাকি চার যুবক মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।”
গুলিবিদ্ধদের রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
