২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাত্রলীগ নেতার ফোন নম্বর সেভ না থাকা অপরাধ’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিনের ফোন নম্বর সেভ না করায় বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিকের উপর ভীষণ ক্ষেপেছেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 10:44 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শনিবার আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন শিমুলকে অশালীন ভাষায় গালাগাল দিয়ে ‘দেখে নেয়ার’ হুমকি দেন।

রাতে শিমুল নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী। সম্প্রতি হলের ৩২১ নম্বর কক্ষে সিট খালি হলে তিনি নিজের নামে বরাদ্দ হওয়া ওই কক্ষে ওঠেন।

এর আগে উক্ত কক্ষে অবস্থান করতেন ফারুক হোসেন নামের এক শিক্ষার্থী, যিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে লেখাপড়া শেষ করেছেন কয়েক মাস আগে এবং তার হলের বরাদ্দ বাতিল হয়েছে।

ওই শিক্ষার্থী ছাত্রলীগ নেতা তুহিনের সহপাঠী বলে শিমুল জানান।

কিন্তু ফারুক তার আবাসিকতা বাতিল হলেও ওই কক্ষে নিয়ম বহির্ভূতভাবে আরো ছয়মাস অবস্থান করবেন বলে জানান।

শিমুল আরো বলেন, ফারুক বিষয়টি তুহিনকে জানালে তুহিন তখনই তাকে মোবাইল ফোনে কল করেন।

তুহিন অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন (মুদ্রণ যোগ্য নয়) এবং দেখে নেওয়ার হুমকি দেন।

“এরপর তুহিন আমাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক হয়েছিস আর ছাত্রলীগের সেক্রেটারির ফোন নম্বর সেভ থাকে না? তোর সাংবাদিককতা বের... করব।’

“শুধু তাই নয় ‘ফারুক আমার বন্ধু তাকে কোনোকিছু বললে হিসেব করে বলবি’ এই বলে তুহিন ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন,” বলেন শিমুল।

সাংবাদিক শিমুল আরো বলেন, ব্যবহৃত সিমটি অন্য আরেকটি ফোনে থাকায় তুহিনের মোবাইল নম্বরটি সেভ ছিল না। ফলে তুহিনকে চিনতে পারেননি তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তৌহিদ আল তুহিন বলেন, “আসলে আমি তাকে হাসির ছলে কথাগুলো বলেছিলাম। সে (শিমুল) আমার ফোন নম্বর কেন সেভ করেনি? ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নম্বর সেভ থাকে না কেন ওই সাংবাদিকের কাছে?”

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, সাংবাদিকের সঙ্গে এভাবে কথা বলা কখনই ঠিক নয়। যদি সে সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে থাকে তাহলে সবকিছু জেনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে শিমুলকে হুমকিসহ অশ্লীল ভাষায় গালগাল করার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ভারপ্রাপ্ত সভাপতি এস এম নাদিম মাহমুদ ও সাধারণ সম্পাদক সাঈদ শুভ, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটি ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী প্রেসক্লাব।

তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন উচ্চ পর্যায়ের নেতার কাছ থেকে এই ধরনের আচরণ প্রত্যাশা করেন না বলে বিবৃতিতে উল্লেখ করেন।