‘বন্দিদের ফোন করার বিষয়টি দেখা হচ্ছে’
স্বজনদের সঙ্গে কারাবন্দিদের ফোনে কথা বলার বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার বিকালে তিনি গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ পরিদর্শন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।
এ ব্যাপারে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এজন্য প্রতি জেলখানায় বুথ স্থাপন করে নির্দিষ্ট দুইটি নন্বরে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে কারাগারে না এসেও স্বজনরা যাতে কারাবন্দিদের সঙ্গে কথা বলতে পারেন সে প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কারাগারে দর্শনার্থীদের ভিড় ও সমস্যা এড়াতেই এ ধরনের প্রস্তাবনা দেয়া হয় বলে আইজ প্রিজন জানান।
এর আগে প্রতিমন্ত্রী কারা অভ্যন্তরে বন্দি পুনর্বাসন ও প্রশিক্ষণের অংশ হিসেবে কারা ডিজিটাল প্রিন্টিং প্রেস উদ্বোধন করেন।
তিনি কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কয়েকজন বন্দির সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সী, আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইফতেখার ইসলাম, ডিআইজি প্রিজন গোলাম হায়দার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল বাতেন, কাশিমপুরস্থ ঢাকা কারাগার-২-এর সিনিয়র সুপার জাহাঙ্গীর কবির, জেলার মো. মুজিবুর রহমানসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে কারা সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রেস ব্রিফিংয়ে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন, “ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, তাদের সঙ্গে বন্দিবিনিময় বিষয়ে জোর আলোচনা চলছে।”
খুব শিগগিরই নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কাসিমপুরের কারাগারগুলো আধুনিক মানের। এখানকার পরিবেশ খুব ভালো। এখানে সবধরণের সুবিধা রয়েছে। এখানে বন্দী নির্যাতনের কোনো ঘটনা নেই। এখানকার চারটি কারাগারেরই কর্ম পদ্ধতি এক।
এখানে যে হাসপাতাল রয়েছে তাতে চিকিৎসক ও নার্সের স্বল্পতা রয়েছে। চিকিৎসক ও নার্সের স্বল্পতা দূর করে কারাবন্দিদের চিকিৎসার জন্য যাতে কারাগারের বাইরে অন্যত্র নিতে না হয় শিগগিরই সে ব্যবস্থা নেয়া হচ্ছে।
