চাটমোহরের নতুন মেয়র রেজাউল করিম
পাবনার চাটমোহর পৌরসভার উপ-নির্বাচনে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মির্জা রেজাউল করিম দুলাল মেয়র পদে জয়ী হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মির্জা রেজাউল করিম দুলাল আনারস প্রতীকে ৩২ হাজার ২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আব্দুল মান্নান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৭৬৯ ভোট।
সংরক্ষিত মহিলা আসনে বিএনপি সমর্থিত ইয়াছমিন আরা বুরি কলস প্রতীকে এক হাজার ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা উপজেলা চেয়ারম্যান এবং ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ শূন্য হয়।
